অণুগল্প
শিরোনাম -দ্বীপান্তর
কলমে - ড. মধুমিতা সেনগুপ্ত
'কী মিঞা,কেমন কাটছে এই সোনাদ্বীপে আইয়া'?আমিনুল হাসিমুখে আব্বাসের দিকে তাকায় আর বলে-'ভালোই তো৷জীবনে কয়বার দ্যাশবদল করলাম বলোতো আব্বাসভাই৷দ্যাশ স্বাধীন হওয়ার লগে লগে বাপজানরা জানল, তারা আর ভারতবর্ষের না,পাকিস্তানের৷তারপর বাংলাদ্যাশের মুক্তিযুদ্ধের সময় বাপজানের আমাদের ভাইবোনদের লইয়া আসামে আসা৷আর আজ এতবছর পর আসামে আমরা আবার বিদেশী৷" আব্বাসউদ্দিনও দীর্ঘশ্বাস ছেড়ে বলে,'আমাদেরও তো এককালে কাগজপত্তর সবকিছুই আছিল৷ঘরে আগুন লাইগ্যা সমস্তকিছুই গেল৷নেহাত নদীর উপর ভাসমান এই অজানা দ্বীপডা আমাদের বাঁচিয়ে দিল৷" আমিনুল একটা বিড়ি ধরায়৷চিন্তিতমুখে বলে,"'কিন্তু আর কদ্দিন,খোরাকী যা নিয়া আইছলাম,সে তো একদিন শেষ হইব৷' দুপুর গড়িয়ে যায়৷ আব্বাস এবার ওঠে৷ যাবার সময় আমিনুলের হাত ধরে বলে,'সে তুমি চিন্তা কইর না মিয়া,আল্লা মেহেরবান থাকলে এই সোনাদ্বীপও একদিন চাষ ফলব৷যাও ওঠ,ঘরে গিয়া ভাত খাও৷' ঘরে সায়রা শুটকীপোড়া আর পান্তাভাত নিয়ে আমিনুলের অপেক্ষায়৷ আমিনুল স্বপ্ন দ্যাখে,এখানে চিরতরে থেকে যাবার৷কিন্তু সায়রার মনে ভয় হয়,কোনদিন না এখানেও পুলিশ হানা দেয়৷
দুপুর গড়িয়ে সন্ধ্যা নামে৷ আমিনুলের ঘুম ভাঙে নামাজের শব্দে৷কিন্তু কোথাও সোনাদ্বীপের সন্ধান পায়না৷দুই হাত দিয়ে চোখটা কচলে নিতেই মনে পড়ে কাল আবার এন্.আর্.সি অফিসে ফর্মের খোঁজে যেতে হবে৷ চূড়ান্ত খসড়ায় পরিবারের কারোরই যে নাম নেই৷গোটা পরিবারটাই যে এখন সোনাদ্বীপের মতো ভাসমান৷
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন