কথা

 #কিছু। কিছু কথা 


কাছের মানুষের কাছে দুঃখ,কষ্ট,ব্যথা যাই পাইনা কেন কাউকে না কাউকে বলে আমরা হালকা হতে চাই। তারপর দুঃখগুলো অন্যকে বিলিয়ে দিয়ে নিজেরা ভারমুক্ত হয়ে আনন্দে মেতে থাকি। তারপর একই মানুষের কাছে আবার একদিন কষ্ট পাই। আবার কাঁদি,আবার দুঃখ বিলিয়ে দিতে বসি। জানেন তো শস্তা জিনিস আমরা সহজে বিলিয়ে দিতে জানি। বিলিয়ে দিয়ে আপদ বিদেয় হলো ভাবি। ভেবে দেখুন তো,কষ্ট পাওয়ার এই পুনরাবৃত্তি বারবার কেন ঘটে? কেননা পূর্ববর্তী দুঃখ থেকে আমরা কোনও শিক্ষা নিইনি। অন্যের ঘাড়ে ভুত ঝেড়ে পিঠ ফিরে শুয়েছি।

                 সুন্দর এই পৃথিবীতে বেঁচে থাকার এবং নিজেকে ভালোবেসে বেঁচে থাকার অধিকার আমার,আপনার,সকলের। আমাদের প্রতিটি হাসি-কান্না আমাদের জীবনকে শুধু সমৃদ্ধই করেনা,আমাদের পরিণতও করে। আমার চোখের জল,আমার বুকের ভেতরে চিনচিন করা প্রতিটি রেখাপাত আমার নিজের কাছে দামী তো? এই প্রশ্নটা নিজেকে করে দেখবেন। যদি তাই হয়,তবে লোক ডেকে, বাজনা বাজিয়ে,সেই হীরের মতো দামী অশ্রুকণার ভাগ দিতে বসবো না কাউকে।


            তবে কী করবো? ব্লটিং পেপার হবো। মনের ব্লটিং পেপারে  শুষে নেবো জগতের যত অপমান,গ্লানি,যতসব ব্যথা। কী হবে? ব্যথার পাহাড় জমে একদিন ক্ষোভ ফেটে পড়বে? না, তা নয়। বরং ওই জমে ওঠা ব্যাথার সার থেকে জন্ম নেবে একপ্রকার শুদ্ধিকরণ,পরিণতবোধ, আত্মপ্রতিরোধ এমনকি শিরা উপশিরার টান টান উত্তেজনা। তাই দুঃখবোধ ব্যক্ত করে তরঙ্গে ভাসিয়ে দেবেন না এসব। গোপন একাউন্টে জমিয়ে রেখে অপেক্ষা করুন‌ শুধু। আঘাতের পাল্টা আঘাতে অপরাধবোধের জন্ম হয়, কিন্তু কষ্ট শুষে নিলে বাড়ে আত্মগৌরব। পৃথিবী একা হয়ে যাবে একদিন। আয়োজন তার কানায় কানায় পূর্ণ।   বধূ থাকবে,শিশুটিও শুয়ে থাকবে পাশে। তবু একা একা মরবার হবে তার সাধ। এই বিষাদ একদিন ছেয়ে যাবে বিশ্বজুড়ে। এখনি তো বিনা কারণে,আমরা একে অন্যের থেকে দূরত্ব ঘনায়ে রেখেছি। কতটা উঁচু করলে মাথা তোমাকে নিচু দেখা যায়-- এই চেষ্টায় আমাদের নাওয়া,খাওয়া গণ্ডগোল হয়ে যায় প্রতিদিন। অযথা অকারণে কম্পমান আমাদের অস্তিত্ব নিয়ে আমরা প্রতিদিন যোজনদূরত্বে সরে যাচ্ছি। আমরা টেরই পাচ্ছি না। দেখা হলে হয়তো জড়িয়ে ধরছি। আবার চোখের আড়াল হলেই তারা কোথাও একটা এক্সিস্ট করে বলেই ভুলে যাচ্ছি। 

      একদিন কাছের মানুষের খবর নিতে পারবো বলেই যে দূরভাষকে বুকে টেনে নিয়েছিলাম,আজ বিশ্বজগতের সব খবর সেই দূরভাষে জানতে পারলেও কাছের কারো খবর জানা হয়না দীর্ঘদিন। ভুলবুঝাবুঝি তাই দীর্ঘ হয়। সংক্রামিত হয়ে একদিন তা ছড়িয়ে পড়ে। দুঃখের ,কষ্টের কারণ হয়। কিন্তু জীবনের ধন কিছুই তো যায়না ফেলা। তাই এই ভেবে গোপন করি সব কষ্ট, যে এই অকারণ আঘাত করার লোক শূণ্য হবে একদিন এই পৃথিবীতে। তাই যেটুকু পাই,তার মুকুরেই নিজের প্রতিবিম্ব সই...................


✍️ মধুমিতা সেনগুপ্ত

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অণুগল্প